advertisement
advertisement

শ্রমিকদের বেতন বাড়ার পরপরই বাড়িভাড়া বাড়ালে আইনি ব্যবস্থা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
শ্রমিকদের বেতন বাড়ার পরপরই বাড়িভাড়া বাড়ালে আইনি ব্যবস্থা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঢাকার সাভারে মতবিনিময় সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার সন্ধ্যায় সাভার পৌরসভার হলরুমে

advertisement

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির পরপরই বাসাভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, মজুরি বোর্ডের মাধ্যমে বেতন বাড়ার সাথে সাথে কোনো বাড়ির মালিক ভাড়া বাড়ালে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তৈরি পোশাকশিল্পে চলমান অসন্তোষ নিয়ে রোববার সন্ধ্যায় সাভার পৌরসভার হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিদেশে পলাতক নেতা-কর্মীরা বিভিন্ন খাতে অস্থিরতা তৈরিতে দেশে থাকা কিছু মানুষকে উসকানি দিচ্ছে। তবে সরকার হত্যা বা গুমের পথে না গিয়ে মানবিক দিক বিবেচনা করে ধৈর্যসহকারে আন্দোলন পরিস্থিতি মোকাবিলা করছে। এ ছাড়া সম্প্রতি গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার সেখানে সম-উন্নয়নের অংশ হিসেবে ১ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করলেও সেখানকার কিছু মানুষ প্রশাসনিক অবকাঠামো ও উন্নয়ন চাইছে না বলে প্রতীয়মান হচ্ছে।

ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতা, তৈরি পোশাক কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর