মেঘনা নদীতে ঝোড়ো বাতাসে ট্রলারডুবিতে নিখোঁজদের সন্ধানে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সোনাময়ী এলাকায়
কুমিল্লা থেকে সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝোড়ো বাতাসে ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলারে থাকা অন্য যাত্রীরা অপর একটি ট্রলারের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজারের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস, নৌ পুলিশসহ সংশ্লিষ্টরা। নিহত রাশিদা বেগম (৫৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কাইল্লাপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। নিখোঁজ রয়েছেন হেলালউদ্দিন (৫৪), তাঁর ছেলে সজীব হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) ও ছেলে সামিন হোসেন (৫)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ট্রলারডুবিতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ফায়ার সার্ভিস, নৌ পুলিশের পাশাপাশি থানা–পুলিশ কাজ করে যাচ্ছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বিকেলে কুমিল্লার হোমনার শ্রীমুদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামের শাহ্ পরানের মেয়ে সাজিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে আসছিলেন ১৩ আত্মীয়স্বজন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।