পুলিশের হাতে আটক উদ্ভব চন্দ্র দাস। গতকাল রাতে গাজীপুরের শ্রীপুর থানায়
গাজীপুরের শ্রীপুরে সীমা রানী দাস (২৫) নামের নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামী উদ্ভব চন্দ্র দাসকে (২৮) আটক করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, স্ত্রীকে হত্যার পর উদ্ভব নিজেই জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। এরপর ঘরের বাতি নিভিয়ে ও ভেতর থেকে দরজা বন্ধ করে তিনি মরদেহের পাশে বসে ধূমপান করছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা খুলিয়ে তাঁকে আটক করে। সে সময় বাড়ির অন্য ঘরে উদ্ভবের বাবা ঘুমিয়ে ছিলেন।
স্বজন ও স্থানীয় ব্যক্তিরা জানান, উদ্ভব মাদকাসক্ত ছিলেন এবং এর আগে তাঁকে একাধিকবার পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়। তিন মাস আগে তিনি পুনর্বাসনকেন্দ্র থেকে বাড়ি ফিরেছিলেন। মাদকাসক্তির কারণে প্রথম স্ত্রী চলে যাওয়ার পর প্রায় দুই বছর আগে তিনি সীমাকে বিয়ে করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, সীমার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।