শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের ১৩টি জেলার দুর্গম ও অবহেলিত এলাকার ৬৭০ জন মানুষের হাতে নতুন পোশাক পৌঁছে দিয়েছে ‘সনাতন বন্ধুরা সনাতন মানুষের পাশে’ নামের একটি ভার্চ্যুয়াল সংগঠন। প্রায় দুই হাজার কিলোমিটার পথ ঘুরে পাহাড়ি চা-বাগান, নদীর চরাঞ্চল ও সুন্দরবনসংলগ্ন বিভিন্ন প্রত্যন্ত জনপদের মানুষের মাঝে ৪২০টি শাড়ি ও ২৫০টি লুঙ্গি উপহার হিসেবে বিতরণ করা হয়।
সংগঠনটির মুখপাত্র রাজীব মজুমদার জানান, সদস্যদের নিজস্ব অর্থায়নে গত ২০ আগস্ট থেকে তহবিল সংগ্রহ এবং ৮ অক্টোবর থেকে উপহার বিতরণের কাজ শুরু হয়। হবিগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, ফেনী, রংপুর, কক্সবাজার, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, সন্দ্বীপ, নড়াইল, ঢাকা, মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল জেলায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ বিষয়ে ১৫ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।
সংগঠনের সদস্যরা জানান, দেশ ও প্রবাসে থাকা বন্ধুদের সম্মিলিত ভালোবাসায় এই মানবিক উদ্যোগ সফল হয়েছে। একক প্রচেষ্টার চেয়ে সবার সম্মিলিত অংশগ্রহণে উৎসবের আনন্দ সমাজের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়া সম্ভব বলে আয়োজকেরা অভিমত প্রকাশ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।