চিলির শীর্ষ লিগের দল কোলো কোলোর খেলোয়াড় হিসেবে পরিচিতি অনুষ্ঠানে ভোজিনিয়া।
কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলকিপার জোসিমার হোসে এভোরা দিয়াস ওরফে ভোজিনিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র এবং শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন। এরপর তাঁর ইনস্টাগ্রাম অনুসারী বেড়ে দাঁড়ায় ২ কোটি ৭৫ লাখে, বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজের সুযোগ পান এবং ব্যালন ডি’অরের বর্ষসেরা গোলকিপারের লড়াইয়ে ষষ্ঠ স্থান অধিকার করেন।
তবে আলো ঝলমলে সেই খ্যাতির পর মাঠে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি। গত জুলাইয়ে চিলির ক্লাব কোলো কোলোতে যোগ দিলেও নভেম্বরের শুরু পর্যন্ত ১৪টি ম্যাচের মধ্যে সুযোগ পেয়েছেন মাত্র ৫টিতে। কোচদের প্রথম পছন্দ হিসেবে ১৯ বছর বয়সী গ্যাব্রিয়েল মাওরেইরা জায়গা পাওয়ায় ভোজিনিয়াকে অধিকাংশ সময়ই কাটাতে হচ্ছে সাইডবেঞ্চে বসে। এমনকি খেলোয়াড়দের সঙ্গে সমন্বয়ের ঘাটতি নিয়ে তাঁর সমালোচনা করেছেন চিলির সাবেক তারকা ক্লদিও ব্রাভো।
ছয় মাসের চুক্তিতে আসা এই অভিজ্ঞ গোলকিপার নির্দিষ্ট সময় মাঠে থাকতে না পারলে ডিসেম্বরের শেষেই হয়তো তাঁকে ক্লাব ছাড়তে হবে। নুবলেনসের বিপক্ষে পরের ম্যাচেও তাঁর মাঠে নামা অনিশ্চিত হলেও ভোজিনিয়া জানিয়েছেন, তিনি ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবছেন না এবং দলের বর্তমান সপ্তাহের ম্যাচের দিকেই পুরো মনোযোগ রাখছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।