ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার
আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে রেকর্ডের সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণের দাবি জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। ভারতের সংবাদমাধ্যম ‘মিড-ডে’তে লেখা কলামে তিনি ফুটবলের মতো ক্রিকেটেও স্তর বা ‘ডিভিশন’ চালুর প্রস্তাব দেন। সহযোগী দেশগুলোর অসমান শক্তির লড়াইয়ে হওয়া অবিশ্বাস্য পরিসংখ্যান আর টেস্ট খেলুড়ে পূর্ণ সদস্যদেশগুলোর অর্জনকে এক পাল্লায় মাপা ন্যায়সংগত নয় বলে মনে করেন তিনি।
গাভাস্কারের মতে, ফুটবলের মতো বিভিন্ন বিভাগ থাকলে দলগুলোর প্রমোশন ও রেলিগেশনের সুযোগ থাকবে এবং কোন রেকর্ড কোন স্তরে অর্জিত হয়েছে তাও স্পষ্টভাবে উল্লেখ থাকবে। উদাহরণ হিসেবে তিনি নাইজেরিয়ার বিপক্ষে আইভরিকোস্টের মাত্র ৭ রানে অলআউট হওয়া, মঙ্গোলিয়ার ১০ ও ১৩ রানে গুটিয়ে যাওয়া এবং যুবরাজ সিংয়ের রেকর্ড ভেঙে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের দীপেন্দ্র সিং ঐরির ৯ বলে ফিফটি করার ঘটনাগুলো তুলে ধরেন। এসব পরিসংখ্যানকে মূল আন্তর্জাতিক রেকর্ডে সরাসরি অন্তর্ভুক্ত করার আগে নির্দিষ্ট মানদণ্ড থাকা উচিত বলে তাঁর অভিমত।
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ভারতের ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতেও অনুরূপ ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছেন এই কিংবদন্তি। তাঁর মতে, অপেক্ষাকৃত দুর্বল প্লেট গ্রুপের ম্যাচগুলোর পরিসংখ্যান যেন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে গড়া বড় কীর্তিগুলোকে আড়াল না করে, সেজন্য রেকর্ড বইয়ের কাঠামো পুনর্গঠন নিয়ে ভাবার সময় এসেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।