ককটেল বিস্ফোরণের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের পর রাজধানীর সিএমএম আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে মো. ফয়সাল ও সুকুমার হাওলাদারকে। ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
রিমান্ডে নেওয়া দুজন হলেন সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সাবেক উপসম্পাদক মো. ফয়সাল ও তাঁর সহযোগী সুকুমার হাওলাদার।আজ সকালে দুই আসামিকে কারাগার থেকে সিএমএম আদালতে হাজির করা হয়। রাজধানীর সূত্রাপুর থানার বিস্ফোরক আইনের মামলায় তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।এর আগে ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাস আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।