ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ
রাঁচিতে ভারতের বিপক্ষে ২৫০ রানের লক্ষ্য তাড়া করে টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ঐতিহাসিক জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৪৫ বলে সেঞ্চুরি করে ১০২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক শাই হোপ। প্রথম ওভারেই দুই উইকেট হারানোর পর তিনি শেরফেন রাদারফোর্ডের সঙ্গে ৫৪ বলে ১২০ রান এবং পরবর্তীতে রোমারিও শেফার্ডের সঙ্গে মাত্র ২৬ বলে ৭৪ রানের কার্যকর জুটি গড়ে দলকে জয় এনে দেন।
অতীতে ধীরগতির ব্যাটিংয়ের কারণে নানা সমালোচনার মুখে পড়লেও সময়ের সঙ্গে নিজের খেলার ধরনে আমূল পরিবর্তন এনেছেন হোপ। চলতি সফরেই কুঁচকির চোট নিয়ে ওয়ানডেতে অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলে ৩৫১ রান তাড়া করে দলকে জিতিয়েছিলেন তিনি, যার আগের ওয়ানডেতেও সেঞ্চুরি করেছিলেন। ইনিংসের ভিত গড়ার পাশাপাশি এখন যেকোনো পরিস্থিতিতে দ্রুত রান তোলার দক্ষতাও তিনি রপ্ত করেছেন।
পরিসংখ্যানেও তাঁর ব্যাটিং উন্নতির ছাপ স্পষ্ট। ২০২৩ সালের আগপর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে হোপের ক্যারিয়ার স্ট্রাইক রেট ছিল ৭২.১৪ এবং গড় ৩৯.৭২, যা ২০২৩ সাল থেকে বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯১.৩১ ও ৪৫.৩১-এ। ক্যারিয়ারের মোট ২৪৮টি ছক্কার ১৭০টিই তিনি হাঁকিয়েছেন গত তিন বছরে। বিশেষ করে ওয়ানডেতে তাঁর স্ট্রাইক রেট ৮০.৮২ থেকে বেড়ে ৯৫.৬৮ এবং ব্যাটিং গড় ৫১.৪৮ থেকে ৫৭.০৫-এ উন্নীত হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।