দোকান থেকে এলপিজি সিলিন্ডার কিনে রিকশায় তুলছেন খুচরা বিক্রেতা। কারওয়ান বাজার, ঢাকা, ১৩ অক্টোবর
রাজধানীর বিভিন্ন এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। মোহাম্মদপুর, ধানমন্ডি, আদাবর, ফার্মগেট ও কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, চাহিদার তুলনায় কোম্পানিগুলো থেকে সিলিন্ডার সরবরাহ অনেক কম আসছে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের বিক্রেতা রবিউল ইসলাম ২০০টি সিলিন্ডারের চাহিদার বিপরীতে পেয়েছেন মাত্র ৫০টি। একই সংকটের কথা জানিয়েছেন শংকরের দিপু এন্টারপ্রাইজের মালিক নাহিদ ইসলামসহ অন্যান্য খুচরা বিক্রেতাও। সরবরাহ কম থাকায় অনেকে ক্রেতাদের ফেরত দিতে বাধ্য হচ্ছেন।
সংকটের পাশাপাশি সিলিন্ডার বাড়তি দামে বিক্রির অভিযোগ উঠেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ৪ অক্টোবর ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করলেও বাজারে তা ২ হাজার ২০০ থেকে ২ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৪৫০ টাকা বেশি। এ ছাড়া ৪৫ কেজির সিলিন্ডার ৬ হাজার ৩০০ টাকা এবং ৫ কেজির সিলিন্ডার বোতলসহ ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
এদিকে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। এই ঘোষণার পর সাধারণ ক্রেতাদের মধ্যে সিলিন্ডার কেনা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।