কক্সবাজারের ইনানীতে আগুনে পুড়ে যাওয়া রির্সোট। আজ সকালে
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে শনিবার সকালে লাগা আগুনে ছয়জন পর্যটক প্রাণ হারিয়েছেন এবং আরও ছয়জন দগ্ধ হয়েছেন। সকাল সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ পরিচালনা করে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। দগ্ধদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে পাঁচজন নারী ও এক শিশু রয়েছে। তাঁরা হলেন ঢাকার বনশ্রীর বাসিন্দা ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছরের শিশু ফায়িজান আহম্মেদ। কক্সবাজার সদর হাসপাতালের আরএমও সুবক্তগীন মাহমুদ সোহেল তাঁদের পরিচয় নিশ্চিত করেন। এ ঘটনায় চিকিৎসাধীন দগ্ধ ছয়জনের মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন ও তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খানসহ আরও চারজন রয়েছেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, রিসোর্টটির রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।